মোহাম্মদ আলী বোখারী, টরন্টো থেকে
নক্ষত্রপুঞ্জের সম্পূরক শিরোনামে কানাডায় অভিবাসী বাংলাদেশি স্থপতিদের সমাবেশ ‘কনস্টলেশন’-এর তৃতীয় আয়োজন ছিলো ১৯ নভেম্বর সন্ধ্যায় পশ্চিম টরন্টোর ১০ গার্নেট জেনস রোডস্থ মিলনায়তনে। এতে ‘কানাডিয়ান বাংলাদেশি আর্কিটেক্টস বা সিবিএ’র ত্রিশটি স্থপতি পরিবার যোগ দেন এবং নবীন ও প্রবীনের পদসঞ্চারনে তা হয় মুখরিত।
ভিন্নমাত্রার আয়োজনে এ সমাবেশ ছিল বেশ আনন্দঘন। স্থপতি ফারিয়া লতিফের প্রানবন্ত উপস্থাপনায় ‘বিউটিফুল বাংলাদেশ’ ও ‘সমসাময়িক বিজিত স্থাপত্য প্রকল্প’ বিষয়ক প্রামাণ্যচিত্র প্রদর্শনীর মধ্য দিয়ে আয়োজনের সূচনা ঘটে, যার পুরো কৃতিত্ব ও ধন্যবাদের দাবিদার বাংলাদেশ আর্কিটেক্ট ইন্সটিটিউটের সভাপতি মোবাশ্বের হোসেন ও তার সহযোগী স্থপতি মামুনুল মোর্শেদ। এ প্রদর্শনীর লক্ষ্য ছিল অনুষ্ঠানে উপস্থিত স্থপতি পরিবারের শিশু-কিশোরদের কাছে সবুজ-শ্যামল বাংলাদেশকে তুলে ধরা, যা অন্যদের কাছেও যথেষ্ট প্রশংসনীয় হয়।
এই প্রামাণ্যচিত্র প্রদর্শনীর পরই ছিল অন্টারিও প্রদেশের থান্ডার বে সিটির অতি সফল বাংলাদেশী স্থপতি আহসানুল হাবীবের স্থাপত্যকর্মের প্রদর্শনী। এটি ছিলো অনুষ্ঠানে উপস্থিত সকল বাংলাদেশি স্থপতির কাছে অনুপ্রেরণার অনুষঙ্গ। স্থপতি আহসানুল হাবীব সুদূর থান্ডার বে থেকে এসে তা উপস্থাপন করেন এবং নিজের সুদীর্ঘ দুই যুগের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।
এরপর স্থপতি মাহমুদা রহমানের পৃষ্টপোষকতায় শিশু-কিশোরদের বিনোদনের জন্য উপস্থাপন করা হয় বিশেষ ম্যাজিক শো। বিদেশি এক অতিথির ম্যাজিক নৈপূণ্যে তা সকলের উপভোগ্য হয়ে ওঠে। এতে শেষ সংযোজন হিসেবে ছিল স্থপতি মোমেন খোন্দকারের প্রয়াত স্ত্রীর স্মৃতিচারণ। স্বয়ং মোমেন খোন্দকার তার দুই মেয়ে ও এক ছেলেকে নিয়ে নিজের স্থাপত্যকর্ম ও স্ত্রীর শিল্পকর্ম তুলে ধরেন।
সুস্বাদু নৈশ ভোজের মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানকে সফল করে তুলতে বিশেষ ভূমিকা রেখেছেন ফারিয়া লতিফ, ফারহান তামিম, ইমরান খান, নুরুল বসির, সাবিল সরাফউদ্দিন, আহসান, তাসমিন হক, মাহমুদা রহমান, অংকুর খান, মাহফিল আলী এবং প্রকৌশলী সাঈদ।
উল্লেখ্য, এই আয়োজন উপলক্ষে নিজের মধ্যে আরো বেশী সৌহার্দপূর্ণ সম্পর্ক স্থাপনের লক্ষ্যে একটি পরিচিতিমূলক সংকলন প্রকাশ করা হয় এবং সমগ্র উত্তর আমেরিকায় বসবাসকারী বাংলাদেশি স্থপতিদের সংগঠিত করতে একটি ওয়েবসাইট তৈরির উদ্যোগের কথা জানানো হয়। এছাড়া আগামী গ্রীষ্মে বড় পরিসরে পরবর্তী ‘কনস্টলেশন’ আয়োজনের কথা ঘোষণা দেন উদ্যোক্তারা।








