নগরে যানজট বেড়েই চলেছে। এ ছাড়া যানবাহনের কারণে বাড়ছে শব্দদূষণ। পেট্রলচালিত যানবাহনের কালো ধোঁয়া পরিবেশে বিরূপ প্রভাব ফেলছে। এ ক্ষেত্রে সাইকেল পরিবেশবান্ধব একটি বাহন। এর ব্যবহারে পরিবেশের কোনো ক্ষতি তো হবেই না, অন্যের বিরক্তির কারণও হয়ে দাঁড়াবে না। আর সাইকেল ব্যবহারে নগরবাসীকে উৎসাহ দিতে ২৫ নভেম্বর হয়ে গেল সাইকেল শোভাযাত্রা। এর নাম দেওয়া হয়েছে ‘ক্রিটিক্যাল ম্যাস রাইড’। সারা বিশ্বে এটি একটি প্রতিবাদমূলক সাইকেল রাইড নামে পরিচিত। শান্তিপূর্ণভাবে হাজার হাজার সাইকেল আরোহী নিরবে ব্যস্ত সড়কে সব ধরনের মোটরযানের পাশাপাশি সাইকেল চালিয়ে তাঁরা গাড়িচালকদের সাইকেল চালনায় উৎসাহ দিয়ে থাকেন।
ঢাকা শহরে তৃতীয়বারের মতো ক্রিটিক্যাল ম্যাস রাইড হয়ে গেল গত শুক্রবার। এটি সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া এভিনিউ থেকে ধানমন্ডি ৮ নম্বর সড়ক হয়ে পান্থপথ, সাতরাস্তা, গুলশান, বনানী, মহাখালী, বিজয় সরণি এলাকা ঘুরে আবার জাতীয় সংসদ ভবনের সামনে এসে শেষ হয়। ক্রিটিক্যাল ম্যাস রাইডের সমন্বয়কারী মোজাম্মেল হক জানান, নগরের তরুণ প্রজন্মসহ সাধারণ মানুষজনকে সাইকেল চালানোর প্রতি আকৃষ্ট করতেই এই আয়োজন। কাছের যেকোনো জায়গায় যাতায়াতের জন্য অন্যান্য যানবাহন থেকে সাইকেলই ভালো। এতে সময় অনেক বেঁচে যায় এবং শারীরিক একটা ব্যায়ামও হয়। সাইকেল ব্যবহার বাড়তে থাকলে তুলনামূলক যানজটও কমে যাবে। প্রতি মাসের শেষ শুক্রবার সকালে এই সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়ে থাকে। আগ্রহী যে কেউ এতে অংশ নিতে পারেন। শোভাযাত্রায় অংশ নিতে হলে অবশ্যই সকাল আটটার মধ্যে মানিক মিয়া এভিনিউতে উপস্থিত হতে হবে।
—তানজিল আহমদ








