লেখক: বারেক কায়সার
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আট তরুণের হাত ধরে যাত্রা শুরু করলো দেশের প্রথম ক্যাম্পাসভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল সিইউনিউজটোয়েন্টিফোরডটকম। প্রযুক্তিকে কাজে লাগিয়ে তথ্য-সেবা শিক্ষার্থীদের দোর-গোড়ায় পৌঁছে দিতে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের এ শিক্ষার্থীরা নিজেদের উদ্যোগে তৈরি করেন এ নিউজ সাইটটি। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও সারাদেশে তথ্য-সচেতন মানুষের দৃষ্টি কাড়তে শুরু করেছে এ নিউজ পোর্টাল। ওয়েব সাইটটির ঠিকানা- www.CUnews24.com
যেভাবে যাত্রা শুরু: ‘বন্ধুরা সবাই মিলে কিছু একটা করবো’ এ ইচ্ছাশক্তি নিয়েই এ বছরের জানুয়ারিতে যাত্রা শুরু করেছিল সিইউনিউজটোয়েন্টিফোরডটকম। ‘অনেক দিন থেকে কিছু একটা করার চিন্তা করছিলাম, যেহেতু সাংবাদিকতায় পড়ছি। তাই সুস্থ সাংবাদিকতাচর্চার মাধ্যমে দেশকে এগিয়ে নিবো’। এমনই স্বপ্নের কথা জানালেন উদ্যোক্তা তরুণরা। তারা আরো বলেন, ‘দৈনিক পত্রিকাগুলোর স্থান সংকুলানের অভাবে শিক্ষা প্রতিষ্ঠানের সব সংবাদ আসে না। এ বিষয়টিও আমাদের ভাবিয়েছিল।’ এ উদ্যোগ কমিউনিটিভিত্তিক অনলাইন সাংবাদিকতাকে এক ধাপ এগিয়ে নেবে বলে তারা মনে করেন।
স্বপ্ন-নায়ক যারা: বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের আশরাফুল আলম, আবদুল্লাহ আল মামুন, বারেক কায়সার, নুরুল আমিন জাহাঙ্গীর, কাজী মনঞ্জুরুল ইসলাম, সোহেল রানা, সারোয়ার আলম ও সোহেল পাটোয়ারীর চেষ্টাতেই চালু হলো এ সাইটটি। বিশ শতকের আজকের দিনে এসে অনেক না পাওয়া আর হতাশার মাঝেও তথ্য প্রযুক্তিসহ কিছু ক্ষেত্রে আমাদের অগ্রগতি এসেছে অবশ্যই। আর প্রযুক্তির সাথে সাংবাদিকতা চর্চায় সম্পৃক্ত থেকে দেশকে এগিয়ে নেয়া সম্ভব এমন বিশ্বাসকে সামনে রেখেই তাদের এগিয়ে চলা। তারা জানালেন, ‘একাডেমিক পড়াশোনার পাশাপাশি আমরা একান্ত কাজের একটা জায়গা তৈরির তাগিদ থেকেই এটা চালু করেছি।’ আর এক্ষেত্রে বিভাগের শিক্ষকদের সহযোগিতার কথাও বললেন তারা। ‘আমরা শিক্ষকদের বিশেষভাবে কৃতজ্ঞ, তাদের সহযোগিতা না পেলে এ উদ্যোগ সফল হতো না’ মন্তব্য তাদের।
যাঁদের প্রেরণায় পথচলা: নব্ব্ইয়ের দশক থেকে অন্যান্য দেশে অনলাইন সাংবাদিকতার সাথে মানুষের পরিচিতি থাকলেও আমাদের দেশে এর আগমন ঘটে গত তিন চার বছর আগে। জুলিয়ান সিজারের ‘অ্যাক্টা ডায়না’, পরবর্তীতে ‘পেনিপ্রেস’, হিকির ‘গেজেট’, কিংবা কাঙ্গাল হরিনাথের ‘গ্রামবার্তা’ প্রকাশের পথ ধরে সাংবাদিকতা আজকের জায়গায় এসে পৌঁছেছে। হালে জুলিয়ান অ্যাসাঞ্জের সাড়া জাগানো ওয়েব সাইট ‘উইকিলিকস’ তরুণদের এমন আকর্ষণ সৃষ্টি করেছে। এভাবে অনিশেষ প্রাণ প্রাচর্যের অধিকারী তারুণ্য এগিয়ে এলে সাংবাদিকতা পেশাটি শিল্পের পর্যায়ে পৌঁছে যাবে বলা যায়। এদের উত্সাহে প্রযুক্তির সাথে সাংবাদিকতার সংযোগ ও এর সাথে তরুণদের সম্পৃক্ততা জাতির উন্নয়নে ভূমিকা রাখবে অবশ্যই।
কী থাকছে এতে: চট্টগ্রামসহ অন্য বিশ্ববিদ্যালয়ের হালচাল ও ঘটে যাওয়া ঘটনাগুলোকে ছয়টি বিভাগে ভাগ করে সংবাদ আধেয় বিন্যাস করা হয়েছে এতে। এগুলো হলো—
* ক্যাম্পাস হালচাল: ক্যাম্পাসের দৈনন্দিন ঘটনাগুলোর সমন্বয়ে সাজানো হয়েছে এ বিভাগ।
* ছবির হাট: ক্যাম্পাসের অপরূপ নৈসর্গিক সৌন্দর্য, আড্ডা, স্মরণীয় মুহূর্তগুলোকে ফ্রেমে ধরে রাখতে ছবির সমন্বয়ে এ বিভাগটি।
* নোটিস বোর্ড: বিভাগসমূহ, আবাসিক হল, প্রশাসনিক শাখার তথ্য, ছাত্র সংগঠনের খবরা-খবর এতে থাকছে।
* ফিচার: হূদয় ছুঁয়ে যাওয়া নানা বিষয় নিয়ে লেখা ফিচার সাজানো হয়েছে এ বিভাগ।
* লেখালেখি: গল্প, কবিতা, প্রবন্ধসহ সাহিত্যের নানা শাখার সৃজনশীল লেখালেখির সুযোগ রয়েছে এ বিভাগে।
* বিনোদন ও খেলা: বিশ্ববিদ্যালয়সমূহের সকল বিনোদনমূলক খবর এবং খেলার সংবাদ নিয়ে এ বিভাগ।
শিক্ষকের বক্তব্য: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মোহাম্মদ মোরশেদুল ইসলাম বললেন, তাদের এ উদ্যোগটি প্রশংসার দাবি রাখে। বিভাগ থেকে আমরা তাদের সম্ভব সব ধরনের সহযোগিতার আশ্বাস দিচ্ছি। আশা করি, তাদের এ উদ্যোগটি অনলাইন গণমাধ্যমকে এগিয়ে নিতে অবদান রাখবে।
উপাচার্য বললেন: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ বিশ্ববিদ্যালয়ের আট তরুণের এ উদ্যোগের প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের এ উদ্যোগটি তাদের সৃষ্টিশীলতার পরিচয় বহন করে। তাদের এ উদ্যোগের জন্য অভিনন্দন জানাই। এভাবে তারুণ্য এগিয়ে এলেই ডিজিটাল বাংলাদেশের স্বপ্নপূরণ সম্ভব হবে।








