লন্ডন, ১৫ ডিসেম্বর, ২০১১
লন্ডনের বাংলাদেশিদের পরিচালিত প্রায় ১২ হাজার রেস্টুরেন্টের মধ্যে চলতি বছরের সেরা রেস্টুরেন্টের খেতাব জিতে নিয়েছে পূর্ব ইংল্যান্ডের সাফোকের মহারানী রেস্টুরেন্ট। লন্ডনের প্রবাসী বাংলাদেশিদের সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্রিটেনের বাংলাদেশ ক্যাটারারস অ্যাসোসিয়েশন (বিসিএ) প্রতিবছরের মতো ২০১১ সালের জন্য এ পদক প্রদান করে। ব্রিটেনের ইন্ডিয়ান বলে খ্যাত রেস্টুরেন্টগুলোর প্রায় ৯৫ শতাংশেরই মালিক বাংলাদেশি বংশোদ্ভূতরা।
এ বছরের সেরা রেস্টুরেন্টের পদক জয়ী মানিক মিয়া ১৯৯৩ সালে ব্রিটেনে এসে হোটেল ব্যবসা শুরু করেন।
ইপচউইচের ওয়েস্টমিনস্টার প্লাজা হোটেলে সোমবার এক অনুষ্ঠানে ইপচউউচের মেয়র জন লে গ্রিস মহারানীর স্বত্বাধিকারী মানিক মিয়ার হাতে পদক তুলে দেন।
ব্রিটিশ সরকারের কমিউনিটি মন্ত্রী এরিক পিকলস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এরিক পিকলস বলেন, রন্ধন শিল্প ব্রিটেনে উৎপত্তি হয়নি, তবে এখানে এটি তার ঘর সাজিয়েছে
তিনি বলেন, ১২ হাজার রেস্টুরেন্টের এ শিল্প থেকে গত বছর ৪ দশমিক ৩ বিলিয়ন পাউন্ড ব্যবসা হয়েছে।
ব্রিটিশ সরকার রন্ধন শিল্পের উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেও তিনি জানান।
পদক পাওয়ার পর মানিক মিয়া বলেন, ১৯৯৩ সালে মহারানী রেস্টুরেন্ট প্রতিষ্ঠার পর তিনি চেষ্টা করেছেন সবসময়ই এর গুণগত মান ধরে রাখতে। এ পদক তার দীর্ঘদিনের প্রচেষ্টার স্বীকৃতি।








