নীলফামারী: নীলফামারীর ডোমারে দেশের প্রথম সৌর বিদ্যুৎ চালিত সেচ পাম্প উদ্বোধন করা হয়েছে।
কৃষি অধিদপ্তরের সহযোগিতায় বুধবার বিকেলে কেতকীবাড়ি ইউনিয়নের চান্দখানা গ্রামে কৃষক অহিদুল ইসলামের লিচু ও আম বাগানে গ্লোবাল গ্রিন এনার্জি লিমিটেড ও উনডসিয়া এনার্জি প্রাইভেট লিমিটেড যৌথভাবে পরীক্ষামূলক এ সেচ পাম্পটি চালু করে।
গ্লোবাল গ্রীণ এনার্জি লিমিটেডের প্রকল্প পরিচালক মিজানুর রহমান বলেন, সেচপাম্পে প্রতি ঘণ্টায় এক হাজার লিটার পানি উত্তোলন করা যাবে। পর্যায়ক্রমে সৌরবিদ্যুৎ দ্বারা শুধু পানি নয় বাসায় গৃহস্থালি, ইন্ডাস্ট্রিয়াল ও মোটর সাইকেল চালানোর ব্যবস্থাও থাকছে বলে তিনি জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে নীলফামারী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মতিউর রহমান, জেলা শষ্য উৎপাদক বিশেষজ্ঞ কিংকর দাস, ডোমার উপজেলা চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বসুনিয়া, উপজেলা কৃষি কর্মকর্তা এনামুল হক, ইউপি চেয়ারম্যান জহুরুল হক দিপু, আবু তাহের উপস্থিত ছিলেন।
কৃষি কর্মকর্তা এনামুল হক বলেন, প্রকল্পটি চালু হলে একদিকে বিদ্যুতের ঘাটতি পূরণ হবে অন্যদিকে কৃষকদের জন্য উৎপাদন প্রক্রিয়াও সহজতর হবে।
দেশে এই প্রথম ডোমার উপজেলায় সৌরবিদ্যুৎ সেচ পাম্প চালু হলো বলে জানান আয়োজকরা। আর এতে ব্যয় হয়েছে এক লাখ টাকা।








