মেলিন্ডা গেটস (বায়ে) ও বাংলাদেশী চিকিত্সক আ স ম আমজাদ হোসেন
বাংলাদেশের চিকিত্সক আ স ম আমজাদ হোসেন গেটস ভ্যাক্সিন ইনোভেশন অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এ বছরই প্রথম বিল অ্যান্ড মেলিন্দা গেটস ফাউন্ডেশন এই পুরষ্কার প্রবর্তন করল। ফাউন্ডেশন বলছে, শিশুদের জীবনরক্ষাকারী টিকা দেওয়ার ক্ষেত্রে তিনি অভিনব ও অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন।
বিল গেটস তাঁর বাত্সরিক চিঠিতে লিখেছেন ‘ড. হোসেন দুটি গুরুত্বপূর্ণ জেলায় নিজের উদ্ভাবিত পদ্ধতিতে টিকাদান কর্মসূচী সম্প্রসারণের চেষ্টা করে সফল হয়েছেন। গর্ভবতী মায়েদের তথ্য সংগ্রহ করা, টিকার তারিখগুলো সংগ্রহ করা ও এলাকাবাসীকে জানানো ইত্যাদি কাজ তিনি করেছেন। আপাতদৃষ্টে মনে হতে পারে, এ কাজগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়। কিন্তু পুরনো সমস্যাগুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখায় পরিস্থিতির উন্নতি হয়েছে।’
জেলা পর্যায়ে টিকা কর্মসূচী পরিচালনার দায়িত্বে থাকা চিকিত্সা কর্মকর্তা আমজাদ হোসেন প্রত্যন্ত ও পিছিয়ে পড়া অঞ্চলে কাজ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া ও হবিগঞ্জে প্রায় দেড় লাখ শিশুকে টিকা দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। তিনি ওই দুটি এলাকায় টিকা দেওয়ার হার ১৫ শতাংশ পর্যন্ত বাড়াতে পেরেছেন।
আ স ম আমজাদ হোসেন গেটস ভ্যাক্সিন ইনোভেশন অ্যাওয়ার্ড হিসেবে পাচ্ছেন আড়াই লাখ মার্কিন ডলার। এর বড় অংশ তিনি তাঁর পছন্দমত খাতে দান করতে পারবেন।








