সম্ভাবনার কথা শোনা গিয়েছিল আগেই। কাল বিসিবির সভায় বোর্ড সভাপতিও আনুষ্ঠানিকভাবে দিলেন সুসংবাদটা। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এ বছরের শেষ নাগাদ বাংলাদেশ দলের ভারত সফরের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে। একই দিনে জানা গেছে, বাংলাদেশের পাকিস্তান সফরটি আপাতত হচ্ছে না।
আইপিএলের উদ্বোধন উপলক্ষে সমপ্রতি ভারত সফর করে এসেছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। বিসিসিআইয়ের সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে সেখানেই আলোচনা হয়েছে তাঁর। সফরের সম্ভাব্য সময় ধরা হচ্ছে এ বছরের ডিসেম্বর ও আগামী বছরের জানুয়ারি মাসে।
কালকের সভায় এ মাসেই অনুষ্ঠেয় পাকিস্তান সফর নিয়ে কোনো আলোচনা না হলেও সূত্র জানিয়েছে, আপাতত পাকিস্তান যাচ্ছে না বাংলাদেশ। এ ব্যাপারে এরই মধ্যে পিসিবিকেও জানিয়ে দিয়েছে বিসিবি। আইসিসির কাছ থেকে নিরাপত্তা ছাড়পত্র পেলেই কেবল পাকিস্তান সফর করবে বাংলাদেশ দল।
গতকালের মুলতবি সভায় জাতীয় দলের ট্রেনার গ্রান্ট ট্রাফোর্ড লুডেনের চুক্তি আরও এক বছর বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। গত ৩১ মার্চ চুক্তি শেষ হয়ে গিয়েছিল দক্ষিণ আফ্রিকান এই ট্রেনারের। এ ছাড়া একাডেমির জন্য দীর্ঘ মেয়াদে প্রধান কোচ এবং স্বল্প মেয়াদে ফাস্ট বোলিং কোচ, স্পিন বোলিং কোচ, ফিল্ডিং কোচ, ট্রেনার ও ফিজিও নেওয়ার প্রক্রিয়া শুরু হবে দ্রুতই।








